দিনদুপুরে ট্রাকে ডাকাতির চেষ্টা, গণধোলাইয়ে আটক ১

আপডেট : ২৯ জুন ২০২৫, ২১:২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দিনদুপুরে কাঁচামালভর্তি একটি ট্রাকে ডাকাতির চেষ্টা করেছে একদল ডাকাত। তবে জনতার তৎপরতায় একজন ডাকাত আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়। পরে পুলিশ এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রোববার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গজারিয়ার জিএমআই ইন্ডাস্ট্রির বিপরীত পাশে, কুমিল্লামুখী লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ডাকাতের নাম মো. হাসান (৩৫)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সবজিকান্দি গ্রামের মো. সেলিমের ছেলে।

ট্রাকচালক মো. বাবুল হোসেন জানান, “পঞ্চগড় থেকে ট্রাকে কাঁচামাল (টমেটো) নিয়ে কুমিল্লার নিমসার বাজারে যাচ্ছিলাম। গজারিয়ার জিএমআই ইন্ডাস্ট্রি অতিক্রম করার সময় হঠাৎ ৪-৫ জন ব্যক্তি সামনে এসে দাঁড়ায়। ট্রাক থামালে তারা আমাকে ও হেলপারকে মারধর করে এবং আমাদের জোরপূর্বক নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে।”

তিনি আরও বলেন, “আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদের ধাওয়া করে। এক ডাকাত ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত দলের সহায়তায় একটি অটোরিকশা সড়কের পাশে অবস্থান করছিল। ট্রাকচালকের চিৎকারে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে একজন ডাকাতকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরসাদ কবির জানান, “আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।”

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে। আহত ডাকাতকে হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ইত্তেফাক/এএইচপি