‘মেট্রো ইন দিনো’ মুক্তির আগেই ট্রোলের শিকার, সারার জবাব

আপডেট : ৩০ জুন ২০২৫, ২০:০০

কয়েক বছর আগে ‘লাইফ ইন অ্যা মেট্রো’ দেখে অনুরাগ বসুর সিনেমার প্রেমে পড়েছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। এবার সে অনুরাগ বসুর সিকুয়াল ‘মেট্রো ইন দিনো’র নায়িকা সাইফ আলি খানের কন্যা। আগামী সপ্তাহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায় একটি আধুনিক শহুরে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সারা। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আদিত্য রায় কাপুর। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫ জুন) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সিনেমা প্রসঙ্গ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন সারা। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ট্রোলের জবাবও দিয়েছেন এই অভিনেত্রী। ‘মেট্রো ইন দিনো’ তে তার চরিত্রটি প্রসঙ্গে সারা বলেন, আমার লুক থেকে শুরু করে সবকিছু বাসুদার ভাবনায় তৈরি। চরিত্রটি গ্ল্যামারাস নয়, বরং অনেক বেশি বাস্তবিক এবং সহজ-সরল। এ রকম শহুরে মেয়ের চরিত্রে আগে অভিনয়ের সুযোগ হয়নি।

সারা আলি খান। ছবি: সংগৃহীত

অনুরাগ বসুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সারা বলেন, ‘লাইফ ইন অ্যা মেট্রো দেখে ওনার ছবির প্রেমে পড়েছিলাম। এখন আমি নিজেই ‘মেট্রো’ তে অভিনয় করছি- এ যেন স্বপ্নপূরণ! আমি ওনার বড় ভক্ত। সব সময় অনুরাগ বাসু স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছি। এখন বলতে পারি, আমি বাসু স্যারের নায়িকা।’

‘মেট্রো ইন দিনো’ সিনেমার গান ও ট্রেলার ইতোমধ্যে মুক্তি পেয়েছে। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সারার রসায়ন প্রশংসা কুড়িয়েছে। আদিত্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে সারা আলি বলেন, ‘দারুণ অভিজ্ঞতা ছিল। উনি মানুষ হিসেবে সহজ-সরল এবং সহ-অভিনেতাদের স্বাচ্ছন্দ্যবোধ করাতে জানেন। অভিনেতা হিসেবেও তিনি অত্যন্ত সাবলীল। ওনার সঙ্গে কাজ করতে খুব ভালো লেগেছে।’

সারা আলি খান। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং প্রসঙ্গে সারা বলেন, ‘এখন ট্রোলিং সামলাতে শিখে গেছি। জানি, আমি যা-ই করি না কেন, মানুষ মন্তব্য করবেই। তাই এসব আর গায়ে মাখি না। তবে আমার মা এসব পড়ে কষ্ট পান। তখন আমার খুব খারাপ লাগে। খারাপ লাগলেও করার কিছু থাকে না। আমার মনে হয়, আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যের মতামতকে খুব বেশি গুরুত্ব দিই।’

২০০৭ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা মেট্রো’ ছবিটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল। সেই ছবির সিকুয়েল ‘মেট্রো ইন দিনো’ মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই।

সারা আলি খান। ছবি: সংগৃহীত  

এ সিনেমায় সারা ও আদিত্য ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্তা, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেন শর্মা, আলি ফজল ও ফাতিমা সানা শেখ। মিউজিক্যাল রোমান্টিক ড্রামাটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম। ছবিতে রয়েছে অরিজিৎ সিংয়ের গান।

কলকাতা, মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরু- এই চার শহরের ভিন্ন স্বাদের প্রেমকাহিনি নিয়ে অনুরাগ বসু ছবিটি বানিয়েছেন।

ইত্তেফাক/এনটিএম/এসএ