ফিফা ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার (বাংলাদেশ সময় সকাল ৭টা) মুখোমুখি হচ্ছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও সৌদি ক্লাব আল হিলাল। তবে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো সিটিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৈরি আবহাওয়া।
স্থানীয় আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালীন সময় বজ্রসহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের আট কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিদ্যুৎচমক বা প্রতিকূল আবহাওয়া শনাক্ত হলে ম্যাচ সাময়িকভাবে স্থগিত করে খেলোয়াড়দের নিরাপত্তার জন্য ড্রেসিংরুমে পাঠানো হবে।
যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন বৈরি আবহাওয়া ক্লাব বিশ্বকাপের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই আসরে এরই মধ্যে ছয়টি ম্যাচ আবহাওয়ার কারণে স্থগিত হয়েছে। চেলসি ও বেনফিকার ম্যাচে বজ্রসহ বৃষ্টির কারণে খেলা শেষ করতে লেগেছে প্রায় সাড়ে চার ঘণ্টা—শেষ ৫ মিনিট খেলতেই অপেক্ষা করতে হয়েছে ৪ ঘণ্টা ৩৯ মিনিট।
এমন পরিস্থিতিতে আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। আয়োজক, ফুটবল প্রেমী ও নিয়ন্ত্রকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
আবহাওয়া নিয়ে প্রতিক্রিয়ায় ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, “আমি অসাধারণ একজন কোচ। কিন্তু এখনো ঝড়, বজ্রবৃষ্টি থামানোর মতো ভালো কোচ হয়ে উঠতে পারিনি। দুঃখিত।”
