নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরের ১০ নম্বর সেক্টর এলাকায় জবাই করা পাঁচটি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) ভোরে এসব মাংস জব্দ করা হয়। এ ঘটনায় ফয়েজ মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।
আটক ফয়েজ মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বরমপাড়া গ্রামের হাফিজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ৩০ জুন সোমবার রাত আনুমানিক ৩টার দিকে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে টহলরত অবস্থায় আনসার সদস্যরা একটি সিএনজি অটোরিকশা দেখতে পায়। সন্দেহ হলে তারা সেখানে এগিয়ে যায়। এ সময় ৭ থেকে ৮ জন পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। পরে প্লটের ভেতর তল্লাশি চালানো হলে পাঁচটি ঘোড়া জবাই করে মাংস স্তূপ করে রাখার বিষয়টি আনসার সদস্যদের নজরে আসে। তারা তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়।
পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন বলেন, গরুর মাংসের তুলনায় ঘোড়ার মাংসের দাম কম। তাই গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস বিক্রির উদ্দেশ্যে একটি অসাধু চক্র এ কাজটি করছিল।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পালিয়ে যাওয়াদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

জামালপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধ ঘোষণা