জাপানকে শুল্ক হুমকি ডোনাল্ড ট্রাম্পের 

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৪:২৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৩০ জুন) জাপানের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, তিনি টোকিওকে নতুন শুল্ক হারসহ একটি চিঠি পাঠাবেন। খবর এএফপির। 

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, চালের সংকট থাকার পরেও জাপান মার্কিন চাল আমদানি করতে রাজি নয়।

তিনি বলেছেন, ‘আমি জাপানকে অনেক শ্রদ্ধা করি কিন্তু তারা আমাদের চাল নেয় না, অথচ তাদের দেশে মারাত্মক চাল সংকট চলছে।’  

আমরা তাদের কেবল একটি চিঠি পাঠাবো। আমরা চাই তারা আগামী বহু বছর ধরে আমাদের বাণিজ্যিক অংশীদার হিসেবে থাকুক বলেন মার্কিন প্রেসিডেন্ট। 

এর আগেই গত মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন, তিনি অন্যান্য দেশগুলোকে একতরফা ভাবে যুক্তরাষ্ট্রের শুল্ক হার জানিয়ে চিঠি পাঠাবেন, যাতে তারা বোঝে চুক্তির অবস্থান কী।

মার্কিন চাল শিল্পের একটি বাণিজ্য সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, জাপান মার্কিন মিলড রাইসের (প্রক্রিয়াজাত চাল) ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার।

চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ বাণিজ্য অংশীদার দেশের জন্য ১০ শতাংশ হারে ব্যাপক শুল্ক আরোপ করেছিলেন। তবে কিছু দেশের ক্ষেত্রে তিনি অস্থায়ীভাবে তা স্থগিত করেন যাতে আলোচনার সুযোগ থাকে।

এই শুল্ক বিরতির মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই, যার ফলে যদি চুক্তি না হয়, তবে ওই তারিখের পর থেকে নতুন শুল্ক কার্যকর হবে। তবে এ পর্যন্ত মাত্র দুটি চুক্তির ঘোষণা এসেছে। একটি যুক্তরাজ্যের সঙ্গে একটি সাধারণ কাঠামো। অন্যটি চীনের সঙ্গে পাল্টা শুল্ক সাময়িকভাবে কমানো নিয়ে। 

ইত্তেফাক/এসআর