ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি

জেলেদের জালে মিললো মাদ্রাসাছাত্রীর মরদেহ, নিখোঁজ ২

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৪:৫৬

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে শাপলা (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাগলা থানার বাশিয়া গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। ঘটনার পর তিন শিক্ষার্থী নিখোঁজ হন। সবশেষ সকাল সাড়ে ১০টার দিকে জেলেদের জাল দিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ শাপলার লাশ উদ্ধার করে।

নিহত শাপলা পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাঈন উদ্দিনের মেয়ে। সে গফরগাঁও উপজেলার বিরই নদীরপাড় মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।

এখনও নিখোঁজ রয়েছেন, পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৭) ও হাসিব মিয়ার ছেলে আরিফ (৭)। তারা বিরই নদীরপাড় মাদ্রাসার ইবতেদায়ী শাখার শিক্ষার্থী।

থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের ছেলেমেয়েরা গফরগাঁও উপজেলার টাংগাব ও দত্তেরবাজার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপাড়া করে। প্রতিদিন তারা পুরাতন ব্রহ্মপুত্র নদ পার হয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যায়। মঙ্গলবার সকালে চরআলগী গ্রামের বেশ কয়েকজন শিক্ষার্থী ছোট একটি নৌকায় করে পুরাতন ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিল। মাঝ নদীতে তীব্র ঢেউয়ের তোড়ে হঠাৎ নৌকাটি উল্টে যায়। এসময় অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও শাপলা, জুবায়ের ও আরিফ পানিতে ডুবে নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা সকাল সাড়ে ১০টার দিকে জেলেদের জাল দিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী শাপলার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এ রির্পোট (দুপুর দেড়টা) লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল, থানা পুলিশ ও স্থানীয়রা নিখোঁজ দুই শিশুর সন্ধানে কাজ করছে।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকি দুই শিশুর সন্ধানে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

ইত্তেফাক/এপি