আইপিএলে দুর্দান্ত পারফর্ম করলেও ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ মিস করেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই ফিরছেন জাতীয় দলে। আগামীকাল শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, আর প্রতিপক্ষ শ্রীলঙ্কা তার আগেই ভালোভাবে প্রস্তুত—বিশেষ করে মোস্তাফিজকে মোকাবিলার জন্য।
আজ কলম্বোয় সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা স্পষ্ট জানিয়ে দিয়েছেন,
“মোস্তাফিজ দারুণ বোলার। সে আগেও তা প্রমাণ করেছে। বাংলাদেশের হয়ে অনেক উইকেট পেয়েছে। আমাদের তাকে নিয়ে একটা পরিষ্কার পরিকল্পনা আছে। আমরা জানি সে কতটা ভয়ংকর হতে পারে।”
সংখ্যাও বলছে ঠিক তাই। মোস্তাফিজ এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৪টি ওয়ানডে ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছেন, ইকোনমি মাত্র ৫.০৬। সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে তার প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস দেবে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথের ইতিহাসও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পক্ষেই কথা বলছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফি, ২০২৩ বিশ্বকাপের টাইমড আউট বিতর্ক—সবকিছু মিলে উত্তাপ সবসময়ই বেশি থাকে এই দুই দলের ম্যাচে। তবে আসালাঙ্কা এটিকে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার সুন্দর মিশেল বলেই মনে করেন। “আমরা ভালো বন্ধু বলেই মনে হয়। কিন্তু যখন ক্রিকেট মাঠে খেলার বিষয় আসে, তখন একটা বৈরিতা দেখা যায়। সবাই এটা দেখতেও চায়,” — বলেন আসালাঙ্কা।
