দুই সপ্তাহের রিমান্ড শেষে আবারও রিমান্ডে সাবেক এমপি জাফর আলম

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৩:৫৪

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ জুলাই) সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন।

আদেশের বিষয়টি চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চকরিয়া থানায় ১৪ দিনের রিমান্ড শেষে বুধবার সকালে জাফর আলমকে আদালতে হাজির করা হয়। এ সময় পেকুয়া থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আনোয়ার হোসেন আরও বলেন, এর আগেও পেকুয়া থানার দুটি মামলায় জাফর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। নতুন করে তিন দিনসহ মোট সাত দিনের রিমান্ডের জন্য জাফর আলমকে সকালে আদালত থেকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

চকরিয়া আদালতে নিযুক্ত রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) গোলাম সরওয়ার গণমাধ্যমকে বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ধানের শীষের এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এরপর সিল মেরে ব্যালট বাক্সে ঢুকিয়ে রাখার ঘটনা ঘটে। এ ঘটনায় জাফর আলমের বিরুদ্ধে করা মামলায় তদন্তকারী কর্মকর্তা বুধবার সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ১৮ জুন চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চকরিয়া থানার পাঁচটি এবং পেকুয়া থানার দুইটি মামলায় জাফর আলমের মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে চকরিয়ার পাঁচটি মামলায় ১৪ দিনের রিমান্ড গত মঙ্গলবার শেষ হয়েছে। দু’টি মামলায় তাকে রিমান্ডের জন্য বুধবার সকাল সাড়ে ১০টায় পেকুয়া থানায় আনা হয়।

জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমকে রিমান্ডের জন্য পেকুয়া থানায় আনা হয়েছে। তার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এপি