অস্ত্র সরবরাহ স্থগিতের পর মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল ইউক্রেন

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৭:৫৭

যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রসহ কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করেছে বলে খবর প্রকাশের পর মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জন গিনকেলকে তলব করেছে কিয়েভ। বুধবার (২ জুলাই) ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, মার্কিন কূটনীতিককে তলবের পর তার সঙ্গে কথোপকথনের মূল বিষয় ছিল দুই দেশের মধ্যে সামরিক সহায়তা এবং প্রতিরক্ষা সহযোগিতা। কিয়েভ পক্ষ জোর দিয়ে বলেছে, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা সমর্থনে যে কোনো বিলম্ব বা গড়িমসি কেবল শান্তির সন্ধানের পরিবর্তে যুদ্ধ চালিয়ে যাওয়াকে উস্কে দেবে।

এর আগে সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, যুক্তরাষ্ট্র কিয়েভে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, জিএমএলআরএস প্রিসিশন-গাইডেড গোলাবারুদ, হেলফায়ার গাইডেড ক্ষেপণাস্ত্র, স্টিংগার ম্যান-পোর্টেবল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করবে।

গত মাসের শেষের দিকে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে আর কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে।

ইত্তেফাক/এসকে