৮৬ বারের মতো পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ

আপডেট : ০২ জুলাই ২০২৫, ২০:৪৬

বাংলাদেশ ব্যাংকের ইতিহাসের অন্যতম আলোচিত রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পিছিয়ে গেল। এবার নিয়ে ৮৬তম বার পিছোল এই মামলার তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা।

বুধবার (২ জুলাই) তদন্ত সংস্থা সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আগামী ২৪ জুলাই নতুন তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ১০১ মিলিয়ন মার্কিন ডলার হাতিয়ে নেয়। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের চারটি অ্যাকাউন্টে পাঠানো হয়, আর ২০ মিলিয়ন ডলার পাঠানো হয় শ্রীলঙ্কার একটি ব্যাংকে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

তবে হ্যাকারদের বানান ভুলের কারণে শ্রীলঙ্কার ব্যাংকে অর্থ স্থানান্তর আটকে যায়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ফিলিপাইন থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে সক্ষম হয়।

ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপপরিচালক (হিসাব ও বাজেটিং) জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ৮ বছরেও তদন্ত শেষ না হওয়ায় মামলাটির অগ্রগতি নিয়ে উঠছে প্রশ্ন।

ইত্তেফাক/এনএ