চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলার প্রধান আসামি ও পৌর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিঠু কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ জুলাই) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
এর আগে গত ৪ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পৌরসভাধীন টোরাগড় এলাকায় নিজ বাড়ির সামনে হত্যার শিকার হন আজাদ সরকার। আজাদ সরকার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আহমেদ কবির হিমেল সরকারের বাবা।
পুলিশ জানায়, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মিঠু কাজী পলাতক ছিলেন। গতবছরের ৪ আগস্ট বিকালে পৌরসভাধীন টোরাগড় এলাকায় সরকার বাড়ির সামনে আজাদ সরকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘটনা ঘটে। এই ঘটনায় গত ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন খুনের শিকার আজাদ সরকারের ছেলে ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আহমেদ কবির হিমেল সরকার। এজাহারে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫জনকে আসামি করা হয়।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, মিঠু কাজী পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
