বিগ ব্যাশের সূচি ঘোষণা, রিশাদদের ম্যাচ কবে কখন

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৩:২৮

বিগ ব্যাশের আগের মৌসুমে হোবার্টে হারিকেন্সে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন রিশাদ। তবে এনওসি না পাওয়ায় শেষ পর্যন্ত খেলা হয়নি। আসন্ন মৌসুমের জন্য এবারও রিশাদকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। এতেই প্রথমবার বিগ ব্যাশে খেলার সুযোগ এসেছে এই টাইগার অলরাউন্ডারের সামনে।

ইতিমধ্যে বিগ ব্যাশের ১৫তম আসরের সূচি ঘোষণা করা হয়েছে। ১৪ ডিসেম্বর শুরু হয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত টুর্নামেন্টটি। সবমিলিয়ে হবে ৪৪টি ম্যাচ। রিশাদের হোবার্ট নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৬ ডিসেম্বর।

পার্থের অপ্টাস স্টেডিয়ামে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ হবে। যেখানে লড়বে টুর্নামেন্টর অন্যতম সফল দুই ফ্র্যাঞ্চাইজি স্বাগতিক পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স। আর সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স এবারের আসর শুরু করবে।

বিগ ব্যাশের গ্রুপ পর্বে প্রতিটি দল ১০টি ম্যাচ খেলবে। এই প্রথম রাউন্ড চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি নকআউট ও ২৩ জানুয়ারি চ্যালেঞ্জার ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিগ ব্যাশের পঞ্চদশ আসরের। রিশাদের হোবার্ট হারিকেন্স ম্যাচ খেলবে যথাক্রমে ১৬, ১৮, ২১, ২৬ ও ২৯ ডিসেম্বর এবং ১, ৩, ৯, ১১ ও ১৪ জানুয়ারি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েও খেলা হয়নি রিশাদের। বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে সেবার এনওসি পাননি তিনি।

সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রিশাদের দল হোবার্ট হারিকেন্স। যা রিশাদের জন্য ছিল আরও বেশি হতাশার। এবার যদি বিসিবি থেকে এনওসি পায়, তাহলে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলবেন এই টাইগার লেগ স্পিনার।

ইত্তেফাক/জেডএইচ