বিএনপির বক্তব্য বা দফার চেয়ে দলীয় নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধে দৃশ্যমান অবস্থান ও বাস্তব পদক্ষেপ দেখতে চাই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (০২ জুলাই) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করেন সারজিস।
সারজিসের অভিযোগ করে লিখেন, লালমনিরহাটের পাটগ্রামের অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে নিয়মিত চাঁদাবাজি চলছে। প্রতিটি পরিবহন থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হয়। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করে এক মাসের কারাদণ্ড দেন। তবে এর পরদিন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী থানা ঘেরাও করে হামলা চালিয়ে ওই দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়। হাতীবান্ধা থানা অতিরিক্ত ফোর্স চাইলেও বিএনপি নেতাকর্মীরা সেখানেও বাধা দেয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসবের পেছনে বিএনপির এক এমপি প্রার্থীর প্রত্যক্ষ মদদ রয়েছে।
সারজিস বলেন, ‘এই অবস্থায় বিএনপি কীভাবে সংস্কারের কথা বলে? প্রশাসনের সঙ্গে সহযোগিতার বদলে যারা প্রশাসনকে জিম্মি করে, দলের ভাবমূর্তি নষ্ট করে- তাদের বিরুদ্ধে দল কী ব্যবস্থা নিচ্ছে, সেটিই এখন দেখার বিষয়।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সারজিস আলমের মন্তব্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

