শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ ইন বিএসএফের

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৯:৪০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ৯ জন শিশু, ৯ নারী ও ৫ জন পুরুষ রয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কাকমারাছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন কাকমারাছড়া রাবার বাগান নামক স্থানে জঙ্গল দিয়ে বিএসএফ সদস্যরা রাতের অন্ধকারে ২৩ জন নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করলে টহলরত বিজিবি সদস্যদের হাতে ধৃত হয়। আটককৃত নাগরিকদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের বাংলাদেশে অবস্থানরত আত্মীয় স্বজন ও জনপ্রতিনিধির নিকট যোগাযোগ করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হবে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে আমাদের কাছে এখনও হস্তান্তর করা হয়নি। আমাদের কাছে হস্তান্তর করলে নাম-ঠিকানা জানা যাবে।

ইত্তেফাক/এনটিএম