রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনবিষয়ক আইনে পরিবর্তন চায় গণ অধিকার পরিষদ

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০১:৫৯

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিদ্যমান আইনে পরিবর্তনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

তিনি বলেন, মামলার জট কমাতে ও জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন জরুরি। এতে করে রাজধানীর বাইরে থেকেও মানুষ সহজে বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে পারবে।

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে শাকিল উজ্জামান বলেন, অতীতে ক্ষমতাসীন সরকারগুলো রাজনৈতিক উদ্দেশে এই ক্ষমতার অপব্যবহার করেছে। গণ অধিকার পরিষদের প্রস্তাব, ক্ষমা প্রদর্শনের জন্য একটি আইনসঙ্গত বোর্ড বা কমিটি গঠন করতে হবে। এই বোর্ডের সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন। এতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব হবে।

ইত্তেফাক/এএম