নওগাঁর বদলগাছী উপজেলার নিমতলী গ্রামে শ্বশুরবাড়িকে গুদাম বানিয়ে ৫০০ বস্তা আতপ চাল মজুত করেছিলেন এক কীটনাশক ব্যবসায়ী—আর শেষমেশ হাতেনাতে ধরা পড়েছেন প্রশাসনের হাতে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন।
জানা যায়, শিবলু নামে ওই যুবক তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় দুই মাস আগে চালের বস্তাগুলো মজুত করেন। যেগুলোর সবগুলোই উন্নত জাতের আতপ চাল। চাল মজুতের জন্য যে লাইসেন্স প্রয়োজন, তা ছিল না শিবলুর।
উপজেলা প্রশাসন জানায়, লাইসেন্স ছাড়াই ওই ব্যক্তি প্রায় দুই মাস ধরে চাল মজুত করে রাখেন। গোপনে বেশি দামে বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার আতিয়া খাতুন বলেন, মজুতকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে। তার আগ পর্যন্ত এ চালগুলো স্থানীয় থানা হেফাজতে থাকবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বলেন, ৫০০ বস্তা চাল উদ্ধার করে সিলগালা করা হয়েছে। থানায় আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। অভিযানের সময় প্রশাসনের লোকজন ছাড়াও স্থানীয় খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
