নরসিংদী মাধবদী

বাজারজুড়ে ছড়ালো আগুন, মসজিদের মাইকে লোক ডেকে নিয়ন্ত্রণের চেষ্টা

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৩:১৪

নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটেছে। এতে বাজারের ১০টি স্বর্ণের দোকানসহ অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন তারা। মাধবদী বড় মসজিদ থেকে মাইকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে আশপাশের ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে যুক্ত হয়  মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। সবশেষ প্রায় ৪ ঘন্টার চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে তা বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টায় প্রায় দুই ঘণ্টার পর সকাল ৭টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপন হয়।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আগুনের ঘটনায় অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে, যার মধ্যে রয়েছে ১০টি স্বর্ণের দোকান। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে দাবি ব্যবসায়ীদের।

তবে কোন দোকান থেকে এবং কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ জানিয়েছেন, ভোর ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে দ্রুতই কাজ শুরু করে মাধবদী ফায়ার সার্ভিস। পরে নরসিংদী ও পলাশের ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট যুক্ত হয়ে সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপন করতে সক্ষম হয়। দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। ব্যবসায়ীরা দাবি করছেন সেখানে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ইত্তেফাক/এপি