বাংলাসহ ৩৫ ভাষায় মক্কার জুমার খুতবার সরাসরি সম্প্রচার শোনা যাবে

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৫:৪০

আজ শুক্রবার, সৌদি আরবের পবিত্র দুই মসজিদ—মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করবেন শীর্ষস্থানীয় আলেমগণ।

মসজিদুল হারামে আজ জুমার নামাজে ইমামতি করবেন খ্যাতনামা ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। আর মসজিদে নববিতে ইমামতি করবেন শায়খ ড. সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর।

আজানের দায়িত্বে থাকবেন মসজিদুল হারামের শায়খ তাওফিক বিন আবদুল হাফিজ ও শায়খ সাইদ বিন উমর ফালাতা। অন্যদিকে, মসজিদে নববিতে আজান দেবেন শায়খ ইয়াদ বিন আহমদ শুকরি ও শায়খ উসামা বিন ইবরাহিম কাইয়িম।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুই পবিত্র মসজিদের ধর্মবিষয়ক বিভাগ এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় এসব তথ্য জানিয়েছে।

প্রতিদিনের মতো আজকের জুমার খুতবাও সরাসরি সম্প্রচার করা হবে। শুধু আরবিতেই নয়, বিশ্বের ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ শুনতে পারবেন মুসল্লিরা। এর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, মালায়, চাইনিজ, ফ্রেঞ্চ, রুশ, হাউসা, ও তুর্কিসহ আরও অনেক ভাষা।

বিশেষ করে বাংলা ভাষায় মসজিদুল হারামের খুতবার অনুবাদ করেন সৌদি আরবে বসবাসরত চারজন বাংলাদেশি আলেম। তাঁরা হলেন—মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি অর্জনকারী ড. খলীলুর রহমান, একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, এমফিল গবেষক মুবিনুর রহমান ফারুক এবং জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শিক্ষার্থী নাজমুস সাকিব।

জুমার খুতবা ও অনুবাদ শুনতে চাইলে মুসল্লিরা 'মানারাতুল হারামাইন' ওয়েবসাইটে নির্দিষ্ট ভাষায় ক্লিক করলেই অনুবাদ শুনতে পারবেন।

সূত্র: হারামাইন ওয়েবসাইট

ইত্তেফাক/আইএ