সংঘর্ষ থামাতে গিয়ে ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৮:০০

চট্টগ্রামের রাউজানে একদল কিশোরের সংঘর্ষ থামাতে গিয়ে বুকে ঘুষি লেগে স্থানীয় যুবদলের এক নেতা মারা গেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলার উরকিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

তার নাম মুহাম্মদ আলমগীর (৪৫)। তিনি উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্র জানা গেছে, আলমগীর গ্রামে একটি মুরগির দোকান চালাতেন। বৃহস্পতিবার রাতে তার দোকানের সামনে ধূমপানকে কেন্দ্র করে ১৪-১৫ বছর বয়সী কিশোরদের দুটি গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। প্রায় ১৫ জন কিশোরের সংঘর্ষ থামাতে তিনি এগিয়ে গেলে তার বুকে একটি ঘুষি লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম নগরের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা ঘুষির আঘাতে তার মাটিতে পড়ে যাওয়ার কথা জানিয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

ইত্তেফাক/এমএএস