কুড়িগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৯:৩১

কুড়িগ্রামের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক টিসিবি’র পণ্য জব্দ করায় নয়া দিগন্তের রাজারহাট উপজেলা প্রতিনিধি মাহবুবার রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় অভিযোগ করেছেন।

জানা যায়, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতি মাসে একবার সুবিধাভোগীদের মাঝে স্বল্প মূল্যে টিসিবি’র পণ্য সরবরাহ করা হয়। নিয়মনীতি অমান্য করে স্থানীয় পাইকার আব্দুল হামিদ ও তার ছেলে ফিরোজ মিয়া (ফনি) ইউনিয়ন পরিষদ চত্বরেই সুবিধাভোগীদের কাছ থেকে এসব পণ্য ক্রয় করেন।

গত ২৮ জুন টিসিবি’র পণ্য বেচাকেনার সময় সাংবাদিক মাহবুবার রহমান তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সেখানে যান। একপর্যায়ে মোবাইল ফোনে টিসিবি’র পণ্য কেনাবেচার ছবি তুলতে গেলে আব্দুল হামিদ ও তার ছেলে ফিরোজ মিয়া (ফনি) তাকে বাধা প্রদান করেন। পরদিন ২৯ জুন রাতে টিসিবি’র পণ্য ক্রয় করে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাইকার আব্দুল হামিদের ব্যক্তিগত গুদামে পণ্য মজুদের বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল হক অভিযান পরিচালনা করেন। এ সময় ২৫ বস্তা চাউল, ২৮ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি চিনি ও ৬০ কেজি ডাল জব্দ করে সরকারি কোষাগারে জমার নির্দেশ দেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত আব্দুল হামিদের তিন হাজার টাকা জরিমানা করেন।

এ ঘটনার পর থেকে আব্দুল হামিদ ও ফিরোজ মিয়া বিভিন্নভাবে সাংবাদিক মাহবুবার রহমানকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ কারণে সাংবাদিক মাহবুবার রহমান রাজারহাট থানায় আব্দুল হামিদ ও তার ছেলে ফিরোজ মিয়া সহ তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এএইচপি