ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে পুকুরে ডুবে সিহাব (৯) ও সোহান (৮) নামে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ছোট লাহিড়ী গ্রামের দবিরুল ইসলাম ও সফিরুল ইসলামের ছেলে সিহাব হোসেন ও সোহান। দুজনেই স্থানীয় লাহিড়ী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য পেরোলি জানান, সকালে সিহাব ও সোহান তাদের দাদির সঙ্গে ছাগল চরাতে বের হয়। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গেলে হঠাৎ তারা নিখোঁজ হয়। দাদি খোঁজাখুঁজি করে না পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। ধারণা করা হচ্ছে, একজন পুকুরে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে দুজনই ডুবে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, "এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।"
