বরিশালে জাপা কার্যালয় ভাঙচুর: নূর-রাশেদের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২১:২২

বরিশালের জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলাটি দ্রুত বিচার আইনে গ্রহণ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বরিশালের একটি আদালত কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা এজাহারভুক্ত করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও জাপার বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যিনি মামলাটির আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মামলায় ২৫ জনের নাম, অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জন
মামলায় প্রধান আসামি করা হয়েছে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরকে। এছাড়াও সাধারণ সম্পাদক রাশেদ খান, বরিশাল জেলা সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের আরও ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসির অভিযোগ
আব্দুল জলিল জানান, ৩১ মে রাত ৯টার দিকে নগরীর ফকিরবাড়ি রোডে অবস্থিত জাপা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ঘটনার পরপরই থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ না করায় আদালতের দ্বারস্থ হন তারা।

তিনি আরও বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার অভিযোগপত্র থানায় পাঠানো হয়েছে। ডিউটি অফিসার এসআই ডলি আদালতের আদেশ গ্রহণ করেছেন।

পুলিশ ও গণঅধিকার পরিষদের প্রতিক্রিয়া
কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, “আদালতের কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। তবে ডিউটি অফিসার যদি গ্রহণ করে থাকেন, যথাসময়ে আমরা তা পাব।”

গণঅধিকার পরিষদের বরিশাল মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, “আমরা মামলার বিষয়ে এখনো কিছু জানি না। তবে কোনো অভিযোগ থাকলে আমরা আইনি প্রক্রিয়াতেই মোকাবিলা করব।”

এর আগে, গত ৩১ মে বিকালে বরিশালে জাপার একটি মিছিলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে রাত ৯টার দিকে পাল্টা হামলায় জাপার কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর গণঅধিকার পরিষদের এক নেতা জাপার চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে পাল্টা মামলাও করেন।

ইত্তেফাক/এএইচপি