বার্সেলোনা ও চেলসিকে বিশাল অঙ্কের জরিমানা করলো উয়েফা 

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৩:৩০

অর্থনৈতিক সংকটের কারণে সম্প্রতি রীতিমতো হিমশিম খেতে হয়েছে  বার্সেলোনাকে। এরই মাঝে কাতালুনিয়া ক্লাবটি বিশাল অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আবার বার্সার দ্বিগুণেরও বেশি অর্থ গুনতে হবে ইংলিশ ক্লাব চেলসিকে।

‘ফাইনান্সিয়াল মনিটরিং’ নীতি ভাঙায় চেলসিকে প্রায় ৩১ মিলিয়ন ইউরো এবং বার্সেলোনাকে প্রায় ১৫ মিলিয়ন ইউরো দিতে হবে। শুধু তাই নয়, পরবর্তী দুই বছরে অর্থনৈতিক প্রতিপালন মানসম্মত পর্যায়ে পৌঁছাতে না পারলে আরও ৪৫ মিলিয়ন ইউরো গুনতে হবে বার্সেলোনাকে। অন্যদিকে, চেলসিকে ৪ বছর সময় বেধে দিলেও, তারা উয়েফার শর্ত পূরণ করতে না পারলে আরও ৬০ মিলিয়ন ইউরো জরিমানা দেওয়ার সতকর্তা দেওয়া হয়েছে।

বার্সা ও চেলসি উভয় ক্লাবই ২০২৪ সালে উয়েফা নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্য পূরণ করতে পারেনি। ফলে সংস্থাটি তাদের ফাইনান্সিয়াল একাউন্টের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে বলেছিল।

ইতোমধ্যে আরোপিত জরিমানা এবং ভবিষ্যতেও একই পরিস্থিতির শঙ্কায় পড়া দলগুলো নতুন করে খেলোয়াড় কেনার ক্ষেত্রেও ঝামেলা পড়তে যাচ্ছে। ইউরোপীয় প্রতিযোগিতার জন্য আগামী দুই মৌসুমে খেলোয়াড় কেনার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে বার্সা-চেলসির মতো ক্লাবগুলোকে। এই দুটি ক্লাবই আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট কেটেছে। সেখান থেকে নিশ্চিতভাবেই তাদের অন্তত ১০ মিলিয়ন ইউরো লাভ করতে হবে।

ইত্তেফাক/জেডএইচ