‘সম্পূর্ণ সত্য জানতে’ ইরানি প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিয়েছেন টাকার কার্লসন

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৫:৩২

আমেরিকান আলোচিত সাংবাদিক টাকার কার্লসন জানিয়েছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাক্ষাৎকার নিয়েছেন।

সোশ্যাল নেটওয়ার্ক এক্স-পোস্টে একটি ভিডিও বার্তায় কার্লসন বলেছেন, সাক্ষাৎকারের মূল উদ্দেশ্য হলো ক্ষমতার নির্বাহী শাখার প্রধানের কাছ থেকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত তার পরিকল্পনা সম্পর্কে সম্পূর্ণ সত্য জানার চেষ্টা করা।

তিনি আরও উল্লেখ করেন, 'আমরা ৭০ বছর বয়সী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একটি সাক্ষাৎকার শেষ করেছি, একজন হার্ট সার্জন, যিদি মাত্র দেড় সপ্তাহ আগে আমাদের সঙ্গে যুদ্ধরত দেশটির নেতৃত্ব দিচ্ছেন।'

গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের মাটিতে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়।

এরপর নয় দিন ধরে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যায় ইরান। ২২ জুন ভোরে মার্কিন ভারী বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে এবং সংঘর্ষে প্রবেশ করে।

পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্য অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমানঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্তৃপক্ষের মতে, কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।

এরপর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষও জানায়, তারা মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে এবং ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের সমস্ত উদ্দেশ্য সম্পন্ন করেছে। পরিবর্তে তেহরান বলেছে, তারা আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে তেল আবিবের ওপর বিজয় অর্জন করেছে।

ইত্তেফাক/এসকে