ইউরোপের দল নয়, নেপালের বিপক্ষে খেলে প্রস্তুতি সারবে বাংলাদেশ 

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৪:১০

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। 

সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলাতে চেয়েছিল বাফুফে। সেপ্টেম্বর উইন্ডোতে অধিকাংশ বিশ্বকাপ বাছাই এবং অন্য দেশগুলোর প্রতিপক্ষ আগেই নির্ধারিত হওয়ায় এশিয়ায় মনোনিবেশ করে বাফুফে।

এশিয়ার অনেক দেশের সঙ্গে আলাপ আলোচনা করলেও শেষ পর্যন্ত নেপাল-শ্রীলঙ্কায় ম্যাচ খেলার বিষয়ে এগিয়ে ছিল। শ্রীলঙ্কা কলম্বোতে ভুটানের বিপক্ষে খেলবে। নেপাল বাংলাদেশের পক্ষে খেলার আগ্রহ প্রকাশ করায় বাফুফে রাজি হয়েছে। নেপাল ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা দিলেও বাফুফে এখনো কিছু জানায়নি।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঢাকায় ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের ফিফা র‌্যাংকিং ১৫৩। উঁচু সারির দলের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি সারবে ১৭৩ র‌্যাংকিংয়ে থাকা নেপাল ম্যাচ দিয়ে।  

ইত্তেফাক/জেডএইচ