বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৫:৩০

চট্টগ্রামের সিইপিজেড মোড়ে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন থিয়ানিস অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৭ জুলাই) দুপুর দুইটার দিকে তাঁরা মোড়ে অবস্থান নিয়ে দুই পাশের রাস্তা বন্ধ করে দেন। শ্রমিকদের দাবি, গত মে ও জুন মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি।

শিল্প পুলিশ ও ইপিজেড সূত্রে জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বেতন দেওয়ার আশ্বাস দিলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ করেনি। বরং বারে বারে সময় পরিবর্তন করে। এ ছাড়া সম্প্রতি কয়েকজন শ্রমিককে ছাঁটাই করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসব ঘটনার প্রেক্ষিতে শ্রমিকরা পাওনা আদায়ের দাবিতে সড়ক অবরোধে নেমেছেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, থিয়ানিস অ্যাপারেলস লিমিটেড থেকে বেপজা কর্তৃপক্ষের ২৮ কোটি টাকা পাওনা রয়েছে। এ কারণে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ কারখানার শ্রমিকরা এখন বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন।

ইত্তেফাক/আইএ