টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন অধিনায়ক ডু প্লেসি

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৮:২৬

অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ফাফ ডু প্লেসি। এখন বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলছেন তিনি। বেশ অভিজ্ঞ হওয়ার কারণে অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই অধিনায়ক হিসেবে দেখা ডু প্লেসিকে। এই সুযোগ কাজে লাগিয়ে সব মিলিয়ে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ডু প্লেসি। যেখানে তিনি পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগের দল টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন ডু প্লেসি। সিয়াটেল ওরকাসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫২ বলে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে ১৮৮ রান করে টেক্সাস। ৫১ রানে ম্যাচ জেতে তারা।

এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি রান করেছেন ডু প্লেসি। এত দিন এই রেকর্ড ছিল কোহলির দখলে। অধিনায়ক হিসাবে ৬৫৬৪ রান করেছেন তিনি। তাকে ছাপিয়ে গিয়েছেন ডু প্লেসি। সাবেক প্রোটিয়া অধিনায়কের বর্তমান রান ৬৫৭৫।

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন জেমস ভিন্স। অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে তার মোট রান ৬৩৫৮। চার ও পাঁচ নম্বরে রয়েছেন ভারতের মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মা। অধিনায়ক হিসাবে ধোনি ৬২৮৩ ও রোহিত ৬০৬৪ রান করেছেন।

তবে টি-টোয়েন্টিতে সব মিলিয়ে রানের তালিকায় এখনও শীর্ষে রয়েছেন কোহলি। এই ফরম্যাটে তার রান ১৩,৫৪৩। ডু প্লেসি সেখানে ৪২২ ম্যাচে ১১,৮৪৭ রান করেছেন।

ইত্তেফাক/জেডএইচ