লোহাগাড়ায় ব্রিজের গোড়া থেকে মাটি সরে গিয়ে চরম দুর্ভোগে স্থানীয়রা

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৮:৪১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের পাগলী ছড়ার উপর নির্মিত রশিদের ঘোনা–কূলপাগলী সংযোগ সড়কের সেতুর গোড়া থেকে মাটি সরে যাওয়ায় ওই পথে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষার পানিতে সৃষ্ট ভাঙনে সেতুর একপাশ ধসে পড়ায় যান চলাচল একপ্রকার বন্ধ হয়ে গেছে। বর্তমানে ঝুঁকি নিয়ে হেঁটে পার হতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, পাগলী ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই সেতুর গোড়া দুর্বল হয়ে পড়ে এবং ভারী বর্ষণে মাটি সরে গিয়ে এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, সেতুর পিলারের নিচ থেকে মাটি সরে গিয়ে সংযোগ সড়কের একপাশ সম্পূর্ণ ভেঙে গেছে। ফলে এলাকাবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

রশিদের ঘোনা, কূলপাগলী, মৌলভী পাড়া, মিয়াজি পাড়া ও আশ্রয়ন প্রকল্প এলাকার শত শত মানুষ প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন। এছাড়া রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের প্রধান চলাচলের পথ এটি। সেতুর চলাচল অযোগ্যতায় তাদের যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল বলেন, “এটা আমাদের একমাত্র যোগাযোগ পথ। ব্রিজটি ধসে যাওয়ায় পুরো এলাকার মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা ভীষণ বিপদে পড়েছে। ছড়া থেকে অবৈধভাবে বালু তোলার কারণেই এ অবস্থা।”

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, “ব্রিজ ভাঙনের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউএনও মহোদয় ও উপজেলা প্রকৌশলীকে বিষয়টি অবহিত করেছি। আপাতত গাছ ফেলে স্থানীয়দের যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে।”

লোহাগাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফরাদ বিন মুনীর বলেন, “ব্রিজটির পরিস্থিতি সম্পর্কে আমরা জানি। দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

ইত্তেফাক/এএইচপি