র‍্যাবের অভিযানে প্রতারক গ্রেপ্তার

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০১:৫৭

রাজধানীর ওয়ারী থেকে সাজাপ্রাপ্ত প্রতারক হামিদুর রহমান পিন্টুকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব। ওই প্রতারক দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের কাছ থেকে ব্যবসার কথা বলে সর্বস্ব হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছিলেন। ঢাকার নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জ এলাকায় ব্যবসায় বিনিয়োগ করার নাম করে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  

র‍্যাব জানায়, গত শনিবার গভীর রাতে রাজধানীর ওয়ারীর লালমোহন সাহা স্টীট বাজার এলাকা থেকে র‍্যাব-১০ এর অভিযানিক দল ওই প্রতারককে গ্রেফতার করে ঢাকার নবাবগঞ্জ থানায় হস্তান্তর করে। 

নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে ২০২০ সালে ঢাকার নবাবগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) মামলা করেন কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা ব্যবসায়ী মো. নূর আলম। বিচার কার্যক্রম শেষে ঢাকার যুগ্ম দায়রা জজ ৪র্থ আদালতের প্রতারণা বিষয়টি প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১ বছর সশ্রম কারাদণ্ড এবং ১ কোটি ৯১ লাখ ৬ হাজার টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন। পলাতক থাকায় আসামি হামিদুর রহমান পিন্টুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। র‍্যাব-১০ অভিযান চালিয়ে গত শনিবার রাতে তাকে গ্রেফতার করেছে।

ইত্তেফাক/এমএএম