বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির বিবৃতি

এহসান মাহমুদের প্রতি ‘অসম্মানজনক আচরণের’ প্রতিবাদ

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০১:৩২

সাংবাদিক এহসান মাহমুদের প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি।

সোমবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা।

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, তরুণ লেখক ও সাংবাদিক এহসান মাহমুদের সম্মানহানির  সম্প্রতি একটি পরিকল্পিত ও হীন অপচেষ্টা চালানো হয়েছে। দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের জুলাই স্মরণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে তার সঙ্গে যে অসদাচরণ করা হয়েছে, তা ছিল উদ্দেশ্যপ্রণোদিত, অপমানজনক এবং একজন মুক্তমনা সাংবাদিকের কণ্ঠরোধ করার ঘৃণ্য প্রয়াস।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র প্রতিবাদ ও ঘোর নিন্দা জানাই। এহসান মাহমুদের প্রতি একাত্মতা প্রকাশ করছি এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সকল বিবেকবান নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, এহসান মাহমুদ দীর্ঘদিন ধরে লেখালেখি ও সাংবাদিকতার মাধ্যমে সত্য উচ্চারণ করে আসছেন। ফ্যাসিবাদবিরোধী অবস্থান গ্রহণ ও খুনি হাসিনার সরকারের অন্যায়-নিপীড়নের বিরুদ্ধে তার সরব ও সাহসী ভূমিকা সর্বজনবিদিত। এই কারণেই তাকে চাকরীচ্যুত করা হয়েছে, বারবার ভয়ভীতি ও হয়রানির মুখে পড়তে হয়েছে। কিন্তু কোনো অপচেষ্টা তাকে সত্যের পথ থেকে সরিয়ে রাখতে পারেনি। তিনি সমমনাদের সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে গেছেন।

 

ইত্তেফাক/এমএএম