আড়াইশ বছরের পুরাকীর্তির ভবন হাজী মহসিনের স্মৃতিস্মারক যশোরের মুড়লি ইমামবাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
এই ঘটনায় সোমবার (৭ জুলাই) ইমামবাড়ি কার্যকরী পরিচালনা পরিষদের সম্পাদক সিরাজুল ইসলাম যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ দিয়েছেন। এর আগে রোববার মধ্যরাতে ইমামবাড়ি প্রধান ফটকের তালা ভেঙ্গে চোরেরা শিয়া সম্প্রদায়ের মহররমের জন্য ব্যবহৃত শত বছরের মূল্যবান জিনিসপত্র চুরি করে।
লিখিত অভিযোগে জানা গেছে, দানবীর হাজী মুহাম্মদ মহসিনের সৎ বোন মন্নুজান খানম তার জমিদারির আমলে (১৭৬৪-১৮০৩ খ্রিস্টাব্দে) ইমামবাড়ি নির্মাণ করেন। আড়াইশ বছরের প্রাচীন ঐতিহাসিক স্থাপনাটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত পুরাকীর্তি। শহরের মুড়লিতে অবস্থিত এটি এখন শিয়া সম্প্রদায়ের প্রার্থনার স্থান হিসাবে ব্যবহৃত হয়। রোববার রাতে মহররম অনুষ্ঠান শেষে করে তারা বাড়ি বন্ধ করে চলে যান। সকালে এসে দেখেন প্রধান ফটকের তালা ভাঙ্গা। ভেতরে থাকা দেড়শ’ বছরের পুরনো দুটি ছয় ভরির পাঞ্জাসহ বিভিন্ন পুরাকীর্তির জিনিস, চেয়ার, ফ্যান, এমপ্লিফায়ার, স্পিকার চুরি হয়েছে।
অভিযোগে উল্লেখ আরও করা হয়েছে, এর আগেও ইমাম বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তারপরও প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সিসি ক্যামেরা স্থাপন ও নাইটগার্ডের ব্যবস্থা করেনি। ইমামবাড়িতে সন্ধ্যা নামলে বহিরাগতদের উৎপাত বৃদ্ধি পায়। বিভিন্ন সময়ে প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।
এই বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

