হাওর রক্ষায় মাস্টারপ্ল্যান বাস্তবায়নে কাজ করছে সরকার: উপদেষ্টা রিজওয়ানা হাসান

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৬:৪৭

হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় সরকার মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘হাওরের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক সভায় তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, 'হাওরের সুরক্ষায় ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ, পর্যটন নিয়ন্ত্রণসহ একাধিক বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব কর্মকাণ্ডে স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করা হচ্ছে।'

তিনি জানান, টাঙ্গুয়ার হাওর বর্তমানে বিপন্ন হাওরগুলোর তালিকায় রয়েছে। সেখানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কার্যক্রম শুরু করা হয়েছে।

রিজওয়ানা হাসান আরও বলেন, '২০১৩ সালে প্রণীত পানি আইন অনুযায়ী এই প্রথম আমরা বাস্তবায়ন পর্যায়ে কাজ করছি। মৎস্য বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পানি সম্পদ মন্ত্রণালয় ও হাওর উন্নয়ন কর্তৃপক্ষ—এই চারটি সংস্থার সমন্বয়ে হাওর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে।'

ইত্তেফাক/আইএ