তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আব্দুস সালাম আজাদ

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২০:২০

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, "এই দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। জনগণ এখন জেগে উঠেছে। তাদের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি রাজপথে আছে, থাকবে।"

মঙ্গলবার পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভাণ্ডারিয়া পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে তিনি আরও বলেন, "তত্ত্বাবধায়ক সরকার চাইলে পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাতে) পদ্ধতিতে নির্বাচন করতে পারে। জনগণের ভোটাধিকার হরণ করে বর্তমান সরকার রাতের অন্ধকারে ক্ষমতা দখল করেছিল। স্বৈরাচারী সরকারের দিন শেষ। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের পথে আছি।"

ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

ইত্তেফাক/এএইচপি