সাগরে সৃষ্ট লঘুচাপ এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও অতিভারি বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৯ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় জানানো হয়, রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা সংক্রান্ত সতর্কবার্তায় জানানো হয়েছে—ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। একইসঙ্গে এসব অঞ্চলের নগরাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতারও আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ফেসবুক পোস্টে জানান, বুধবার বিকেল ৪টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বরিশালের ভোলা ও পটুয়াখালী এবং চট্টগ্রামের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও সতর্কবার্তা দেওয়া হবে।
