সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বুধবার (৯ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন।
যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় আজ তাকে গ্রেপ্তার দেখানো হয়। আদালত কক্ষ থেকে যখন পলককে বের করে আনছিল পুলিশ, তখন এক সংবাদকর্মী জিজ্ঞেস করেন, ‘ও পলক ভাই, আপনি আজ কাঁদলেন কেন?’ তবে পলক কোনো উত্তর দেননি। সাংবাদিকদের অন্য প্রশ্নের প্রতিও তিনি ছিলেন নিশ্চুপ।
আদালতের বারান্দার দিকে এক স্বজনকে দেখেই পলক কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। ইশারায় কথা বলার সময়েই তিনি কান্না শুরু করেন। চোখের পানি মুছতে থাকেন ডান হাতে। পরে মাথা নিচু করে মুখ গোমড়া করে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন। তার কান্নার কারণ জানতে চাইলে আবারও কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকেন পলক।
এই আবেগঘন দৃশ্য উপস্থিত সাংবাদিক, আইনজীবী ও সাধারণ মানুষের দৃষ্টিতে আসে। মামলার বিষয়ে বিস্তারিত জানতে চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
