ইউরোপজুড়ে দশ দিনের তাপপ্রবাহে ২৩০০ জনের মৃত্যু: গবেষণা

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ২১:১১

নতুন একটি গবেষণায় বলা হয়েছে, চলতি গ্রীষ্মের শুরুতে ইউরোপজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে তাপজনিত মৃত্যুর হার তিনগুণ বেড়েছে। সেই সঙ্গে তাপপ্রবাহ চলাকালীন ১০ দিনে প্রায় ২৩০০ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিজ্ঞানীদের করা গবেষণাটি বুধবার (৯ জুলাই) প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, তাপ-সম্পর্কিত আনুমানিক ২৩০০ মৃত্যুর মধ্যে প্রায় ১৫০০ (৬৫%) মৃত্যুই জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। গ্রীষ্মের শুরুতে ইউরোপজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে তাপজনিত মৃত্যু তিনগুণ বেড়েছে।

গবেষকরা ২৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ১০ দিনের তাপের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছেন। তারা লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, বুদাপেস্ট, জাগরেব (ক্রোয়েশিয়া), অ্যাথেন্স, রোম, মিলান, সাসারি (ইতালি), বার্সেলোনা, মাদ্রিদ এবং লিসবনসহ ১২টি ইউরোপীয় শহরকে গবেষণার আওতায় নিয়েছেন।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, এই বিশ্লেষণ এবং আরও অনেকের ফলাফলে অত্যন্ত স্পষ্ট যে, মানব-সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে সমগ্র ইউরোপজুড়ে তাপের চরমতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উল্লেখিত শহরগুলোতে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

গবেষণায় সতর্ক করা হয়েছে, তাপপ্রবাহের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে। যার ফলে মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

বুধবার ইইউ'র কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবাও এক মাসিক জলবায়ু বুলেটিনে বলেছে, ২০২৫ সালের জুন ছিল বিশ্বব্যাপী তৃতীয় উষ্ণতম জুন মাস। এই মাসে পশ্চিম ইউরোপের বিশাল অংশে একটি ব্যতিক্রমী তাপপ্রবাহের প্রভাব পড়েছিল, যেখানে বেশিরভাগ অঞ্চলই অত্যন্ত তীব্র তাপীয় চাপের সম্মুখীন হয়েছিল। পশ্চিম ভূমধ্যসাগরে সমুদ্রপৃষ্ঠের রেকর্ড তাপমাত্রার কারণে এই তাপপ্রবাহ আরও তীব্র হয়ে উঠেছিল। সেই সঙ্গে আরও ঘন ঘন তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে।

ইত্তেফাক/এসকে