কর ফাঁকির দায়ে কার্লো আনচেলত্তির ১ বছরের কারাদণ্ড

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ২১:৫২

কর ফাঁকির মামলায় এক বছরের কারাদণ্ড পেয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। ২০১৪ সালে রেয়াল মাদ্রিদের কোচ থাকার সময় ইমেজ স্বত্ব থেকে পাওয়া ১০ লাখ ইউরোর বেশি আয় গোপন করে কর ফাঁকি দেন—এমন অভিযোগে স্পেনের আদালত এই রায় দিয়েছে।

২০১৪-১৫ মৌসুমে আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। সে সময়ের কর ফাঁকির অভিযোগে স্পেনের কর কর্তৃপক্ষ ও সরকারি কৌঁসুলিরা গত বছর (২০২৪) আনচেলত্তির বিরুদ্ধে ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানা চেয়েছিলেন। অভিযোগে বলা হয়, আনচেলত্তি শুধুমাত্র ক্লাবের বেতন দেখিয়েছেন, কিন্তু তার ইমেজ স্বত্ব থেকে আয় কর রিটার্নে দেখাননি।

প্রথম থেকেই আনচেলত্তি সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আদালতের রায় তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দিয়েছে। তবে স্পেনের আইনে অহিংস অপরাধে দুই বছরের নিচে সাজাপ্রাপ্তদের সাধারণত জেলে যেতে হয় না, তাই আনচেলত্তি জেলে যাচ্ছেন না বলেই ধারণা করা হচ্ছে।

৬৬ বছর বয়সী এই কিংবদন্তি কোচ গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। রিয়ালে দুই মেয়াদে তার অধীনে ক্লাবটি জিতেছে— ৩টি চ্যাম্পিয়নস লিগ, ২টি লা লিগা, ও আরও অনেক শিরোপা।

গত এক দশকে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, দিয়েগো কস্তাসহ বহু তারকা কর ফাঁকির মামলায় জড়িয়েছেন। অনেকে আদালতের বাইরে জরিমানা দিয়ে নিষ্পত্তি করেছেন, আবার শাবি আলোনসোর মতো কেউ কেউ আইনি লড়াই চালিয়ে নির্দোষ প্রমাণ করেছেন। এই রায় নতুন করে আলোচনায় এনেছে স্পেনের কঠোর কর ব্যবস্থা ও তারকাদের দায়বদ্ধতার প্রশ্ন।

ইত্তেফাক/এএম