ফেনীর সোনাগাজীতে নদী ভাঙন, তিন সড়কে ধস

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১১:২৮

ফেনীতে টানা বর্ষণ ও পানির তীব্র স্রোতে সোনাগাজী উপজেলার নবাবপুর, আমিরাবাদ ও চরদরবেশ ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় ফের আগ্রাসীরূপে ভাঙন দেখা দিয়েছে। পানির তোড়ে ধসে পড়েছে উপজেলার তিনটি সড়ক। এতে বন্ধ রয়েছে যানচলাচল। ভাঙনের ঝুঁকিতে রয়েছে মসজিদ ও বসতবাড়ি। ফলে আতঙ্কে দিনাতিপাত করছেন নদী পাড়ের মানুষ। 

সরেজমিনে দেখা যায়, উপজেলার নবাবপুরের মজুপুর গ্রামে কালিদাস পাহালিয়া নদীর পাড়ে ফের ভাঙন শুরু হয়েছে। চরদরবেশ ইউনিয়নের সাঈদপুর গ্রামে ছোট ফেনী নদী অংশে আগ্রাসীরূপে ফসলি জমিসহ ভাঙছে নদীর পাড়। এছাড়াও আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সোনাপুর গুচ্ছগ্রাম অংশে ফেনী নদীর তীর ভেঙে তলিয়ে যাচ্ছে।  

স্থানীয়দের অভিযোগ, বড় ফেনী নদী ও ছোট ফেনী নদী থেকে দীর্ঘবছর অবৈধ বালু উত্তোলনের প্রভাবেই এ ভাঙন তীব্র হচ্ছে। পাশাপাশি গেল বছরের বন্যায় মুছাপুর রেগুলেটর বিলীনে নদীগুলো হারিয়েছে স্বাভাবিক গতিপথ। এতে প্রতিনিয়ত সরাসরি জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে। 

সাব্বির হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, উপজেলার চরদরবেশ ইউনিয়নের বাঁশপাড়া সড়ক, তাকিয়া বাজার থেকে চরমজলিশপুরে যাওয়ার বদরপুর সড়ক ও মিয়াজী ঘাট সড়ক ধসে পড়েছে। এতে যানচলাচল ব্যাহত হয়ে মানুষজন বিপাকে পড়েছেন।

এ ব্যাপারে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, তিন এলাকায় নদী ভাঙন ও তিনটি স্থানে সড়ক ধসে পড়ার ঘটনায় পানি উন্নয়ন বোর্ড, এলজিইডিসহ সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শুরু করতে বলা হয়েছে। 

তিনি আরও জানান, বৈরি আবহাওয়ায় দপ্তরগুলোর কাজ শুরু হতে বিলম্ব হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চরদরবেশ ইউনিয়নের সাঈদপুর গ্রামে ছোট ফেনী নদীর ভাঙন অংশে মেরামতের কাজ শুরু করা হয়েছে। এছাড়া সড়কগুলো চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি