পানি বাড়ায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট চালু, উৎপাদন ২১২ মেগাওয়াট

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৩:২৬

টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বেড়েছে হু হু করে। এতে প্রাণ ফিরে পেয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্রটিতে একসঙ্গে চালু করা হয়েছে পাঁচটি ইউনিট। এতে উৎপাদন হয়েছে সর্বোচ্চ ২১২ মেগাওয়াট বিদ্যুৎ।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার (৯ জুলাই) রাত ৮টায় কেন্দ্রটির সবগুলো ইউনিট একযোগে চালু করা হয়। বিদ্যুৎ উৎপাদনে এটিকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন প্রকৌশলীরা।

কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে উৎপাদিত হয়েছে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট। বাকি ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ১২০ মেগাওয়াট উৎপাদিত হয়েছে। সব মিলিয়ে সর্বোচ্চ ২১২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে।

দায়িত্বরত প্রকৌশলীরা জানান, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। বুধবার রাত ৮টা পর্যন্ত হ্রদের পানির স্তর ছিল ৯৬ দশমিক ৪১ ফুট (মিন সি লেভেল)। অথচ রুল কার্ভ অনুযায়ী এ সময় পানির স্তর থাকার কথা ছিল ৮৫ দশমিক ২৮ ফুট। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট।

তারা আরও জানান, কয়েক দিন ধরে রাঙ্গামাটি ও পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ফলে প্রতি ঘণ্টায় হ্রদে পানির পরিমাণ বাড়ছে। এতে করে দীর্ঘদিন পর পাঁচটি ইউনিট একসঙ্গে চালু করা সম্ভব হয়েছে।

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। এর মধ্যে অনেক দিন একসঙ্গে সব ইউনিট চালু করা সম্ভব হয়নি পানির স্বল্পতার কারণে। চলতি বছরের ২ জুন থেকে চারটি ইউনিট চালু ছিল। এবার একসঙ্গে চালু হয়েছে সবগুলো ইউনিট।

প্রকৌশলীরা জানিয়েছেন, উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। হ্রদের পানি আরও বাড়লে উৎপাদনের হারও বাড়বে বলে আশা করছেন তারা।

ইত্তেফাক/এএইচপি