ফরিদপুরের মধুখালীতে আলোচিত রাজন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া হত্যার আলামত লোপাটের অপরাধে আসামিদেরকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা দেড়টায় অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন।
রায়ের সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় আসামিদের জেল হাজতে পাঠানো হয়। ওই মামলায় দুইজনকে খালাস দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- মধুখালি উপজেলার মির্জা মাঝারুল ইসলাম মিলন (৩৯), মামুন শেখ (৩৮), আসাদ শেখ (৩৯), ইলিয়াস মৃধা (৩৮), আরমান হোসেন (৩৬)। খালাসপ্রাপ্তরা হলেন, হাসান শিকদার ও আশরাফুল শিকদার।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটার মো. রকিবুল ইসলাম জানান, মধুখালীর রাজন হত্যা মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ২৭ মার্চ জেলার মধুখালী উপজেলার গেন্দারদিয়া গ্রামের শাহ মোহম্মদ রফিকুল ইসলামের ছেলে শাহ মো. রাজন বিকেলে মোটরসাইকেল নিয়ে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শেষে মধুখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশের অনুসন্ধানে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী নিখোঁজের ৬ দিন পরে কুড়ানিয়ার চর এলাকায় একটি পুকুর পাড়ের মাটি খুঁড়ে রাজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রাজনে মা জোসনা বেগম বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন।

