প্রিমিয়ার ফুটবল লিগের দলবদল চলছে। কিন্তু ফুটবল অনুরাগীদের সেটা জানা নেই। ক্লাবগুলোর মধ্যেই সীমাবদ্ধ। আগের মতো ঘটা করে আয়োজনের কিছু দেখা যায় না। ক্লাবগুলো নিজেদের মতো করে খেলোয়াড় নিচ্ছে। ফর্টিস এফসি এবার শ্রীলঙ্কান গোলরক্ষক নিয়েছে। শ্রীলঙ্কা জাতীয় দলের অধিনায়ক সুজন পেরেইরাকে দলে নেওয়ার চুক্তি করেছে।
ফর্টিসের ফুটবল ম্যানেজার রাশেদুল ইসলাম জানিয়েছেন উপমহাদেশের পাঁচজন, এর বাইরের দেশের তিন জন ফুটবলার লিগে খেলানো যাবে। এবার আটজন বিদেশি ফুটবলার খেলতে পারবেন। ১০ জন রেজিস্ট্রেশন করা যাবে।' যদিও এবার লিগে নিয়ম করা হয়েছে উপমহাদেশের ফুটবলাররা বাংলাদেশি হিসেবে খেলতে পারবেন। সেই হিসেবে শ্রীলঙ্কার সুজন পেরেইরা বিদেশি হিসেবে গণ্য হবেন না।
সুজন পেরেইরা শ্রীলঙ্কান হলেও তিনি গত দশ বছর মালদ্বীপের লিগে টি সি স্পোর্টস ক্লাবে খেলছেন। রাশেদুল ইসলাম জানিয়েছেন, 'আমাদের দলের জন্য একজন ভালো গোলরক্ষক দরকার ছিল। আমরা শ্রীলঙ্কার গোলকিপারকে নিয়েছি। আমাদের একটা সাপোর্ট দরকার। তাকে দিয়ে কাজ হবে।'
দেশের ফুটবলে অনেক বছর শ্রীলঙ্কান ফুটবল খেলেননি। এক সময় গোলরক্ষক লায়েনল পিরিচ, অশোকা, পাকির আলী রনি, পরবর্তীকালে প্রেমলাল, চন্দ্র সিঁড়ি, রাসা একসঙ্গে আবাহনীর জার্সি গায়ে খেলেছেন। ১ জুন শুরু হওয়া দলবদল শেষ হবে ১৪ আগস্ট।

