ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাইছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য কোনো আসনে অনিয়ম হলে পুরো নির্বাচন বাতিলের যে ক্ষমতা আগে কমিশনের ছিল, তা ফেরত চেয়েছে বর্তমান ইসি। ইতোমধ্যে এ বিষয়ে সরকারকে প্রস্তাব পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ‘আগে অনিয়ম হলে কোনো আসনের পুরো নির্বাচন বাতিল করার ক্ষমতা কমিশনের হাতে ছিল। পরবর্তীতে আইন পরিবর্তনের মাধ্যমে সেটি বাতিল করা হয়। এখন কেবল কেন্দ্রভিত্তিক ভোটগ্রহণ বাতিল করা যায়। আমরা আবারও সেই পুরনো ক্ষমতা ফেরত চাই। এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং আমরা আশাবাদী, এটি ফিরিয়ে আনা সম্ভব হবে।’
কমিশনের মতে, এই ক্ষমতা থাকলে নির্বাচনে অনিয়ম রোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
