কুড়িগ্রামে ৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৪:০০

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় কুড়িগ্রামের তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হয়নি। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় এসব প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে একজন, নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন এবং ফুলবাড়ি উপজেলার নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।

পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো এমপিওভুক্ত নয়। ২০১৪ সালে একাডেমিক স্বীকৃতি পায় বিদ্যালয়টি। বর্তমানে ৯ জন শিক্ষক রয়েছেন।

ফুলবাড়ি উপজেলার নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব বলেন, “বিদ্যালয়টি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হলেও ২০২৩ সালে নবম ও দশম শ্রেণিতে পাঠদানের অনুমতি পেয়েছি। এ বছর প্রথমবার ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, কিন্তু কেউ পাস করতে পারেনি।”

তিনি আরও জানান, বিদ্যালয়টির শিক্ষার্থীদের বেশিরভাগই দরিদ্র পরিবারের, যারা বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করে পড়ালেখা চালিয়ে যাচ্ছিল। নাগেশ্বরীর পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয় নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, “আমি সদ্য যোগদান করেছি। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রধান শিক্ষকদের কাছে ব্যর্থতার কারণ জানতে চাওয়া হবে।”

দিনাজপুর বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর বোর্ডের গড় পাসের হার ৬৭ শতাংশ। কুড়িগ্রাম জেলার গড় পাসের হার ৬২ দশমিক ৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১,১৫৮ জন শিক্ষার্থী।

ইত্তেফাক/এএম