তিন দশক আগে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পড়াশোনার ইতি টেনেছিলেন নাটোরের দেলোয়ার হোসেন দুলু। সময় গড়িয়েছে, বয়স পেরিয়েছে ৫০, কিন্তু থামেনি তার শিক্ষার প্রতি আগ্রহ। অবশেষে ৩৫ বছর পর আবারও ফিরে এসেছেন পরীক্ষার হলে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন তিনি। ইংরেজিতে অকৃতকার্য হওয়ায় এবারও পাস করা হয়নি তার। তবে তিনি আশা ছাড়েননি। তিনি জানান, আগামী বছর আবার এসএসসি পরীক্ষা দেবেন।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগড় ইউনিয়নের করমদোশী পশ্চিমপাড়ার বাসিন্দা দুলু বর্তমানে একজন ইউনিয়ন পরিষদ সদস্য। বয়স ৫২ হলেও তিনি মনে করেন, শেখার কোনো বয়স নেই। সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে গিয়ে আবারও নিজেই ফিরে যান পাঠ্যপুস্তকে। গোপনে ভর্তি হন নবম শ্রেণিতে এবং এ বছর রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের সুন্নাহ দাখিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেন।
জানা যায়, ছোটবেলা থেকেই দেলোয়ার ছিলেন মেধাবী। ১৯৮৫ সালে প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে জুনিয়র বৃত্তি অর্জন করেছিলেন। এরপর ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তবে অনাকাঙ্ক্ষিতভাবে বহিষ্কৃত হন এবং এরপর পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলেন। পরবর্তী সময়ে সংসারী হন এবং জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। পরিবারের অন্য ভাইবোনেরা সবাই উচ্চশিক্ষিত হওয়ায় মাঝেমধ্যে নিজের অপূর্ণতা অনুভব করতেন। সেই উপলব্ধি থেকে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
দেলোয়ার হোসেন বলেন, ‘এসএসসি পরীক্ষা মোটামুটি ভালোই দিয়েছিলাম। সব বিষয়ে পাস করলেও শুধু ইংরেজিতে ফেল করেছি। মন খারাপ হয়েছে সত্যি, তবে আমি এসএসসি পাস করবই ইনশাআল্লাহ। আগামীবার আরও ভালোভাবে প্রস্তুতি নেব।’
