ঝালকাঠির চার শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৩:৩৩

ঝালকাঠির নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে পারেনি। এসব বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফলে এলাকায় শিক্ষা ব্যবস্থার মান নিয়ে অভিভাবক ও সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। চারটি বিদ্যালয় থেকে মোট ৪৮ জন পরীক্ষার্থী বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

বিদ্যালয়গুলো হলো—রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয়, পৌর এলাকার মাটিভাঙা মাধ্যমিক বিদ্যালয় এবং দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

অভিভাবক লুৎফর রহমান বলেন, বর্তমানে শিক্ষার মান কোথায় নেমে এসেছে, তা এবারের ফলাফলেই প্রমাণ হয়ে গেছে। আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে—আমাদের সন্তানেরা বিদ্যালয়ে গিয়ে সত্যিই কিছু শিখছে কি না। শুধু নামেমাত্র পড়ালেখা করে ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। আমি মনে করি, শিক্ষকদেরও আরও আন্তরিকভাবে শিক্ষার মান উন্নয়নে কাজ করা উচিত।

এ বিষয়ে নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, আমরা এখনো বিভিন্ন বিদ্যালয়ের ফলাফল সংগ্রহ করছি। তবে কোনো বিদ্যালয়ে যদি শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে, তাহলে বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা কার্যকর পদক্ষেপের পক্ষে রয়েছি।

ইত্তেফাক/এএইচপি