নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অনুপ্রবেশের অভিযোগে মহিদুল মণ্ডল (২৭) নামের ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে প্রথমে আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার মহিদুল মণ্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের সুরত মণ্ডলের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি ও দক্ষিণপাড়া এলাকায় মহিদুল মণ্ডলকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেকে ভারতীয় নাগরিক ও উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা বলে জানান। স্থানীয় বাসিন্দারা বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অনুপ্রবেশ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদে মহিদুল জানিয়েছেন তিনি ভারতের দিল্লিতে দীর্ঘদিন ধরে ভাঙারির ব্যবসা করছেন। দুই সপ্তাহ আগে কাজের আশায় অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তিনি বিভিন্ন স্থান ঘুরে দুর্গাপুরে চলে আসেন। বৈধ কোনো কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে দুর্গাপুর থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
