রাশিয়াকে ঠেকাতে ন্যাটোর আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন: মার্কিন জেনারেল

আপডেট : ১১ জুলাই ২০২৫, ২১:৪২

রাশিয়াকে 'ইউরোপে আক্রমণ করা থেকে বিরত রাখতে' ন্যাটোর অস্ত্রাগারে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে। কারণ মস্কো দূরপাল্লার অস্ত্রের উৎপাদন আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। একজন মার্কিন জেনারেল রয়টার্সকে এ কথা বলেছেন।

জার্মানির উইসবাডেনে মার্কিন সামরিক ঘাঁটিতে এক সাক্ষাৎকারে মেজর জেনারেল জন র‍্যাফার্টি বলেন, 'ইউক্রেনে যুদ্ধ শুরু করার সময় রাশিয়ার সেনাবাহিনী আজ আগের চেয়েও বড়।'

তিনি বলেন, 'আমরা জানি যে তারা দূরপাল্লার রকেট, ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ চালিয়ে যাবে। তাই জোটের সক্ষমতা সত্যিই আরও বেশি গুরুত্বপূর্ণ।'

ইউক্রেনের যুদ্ধে দেখে গেছে, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপ ব্যাপকভাবে নির্ভরশীল।

যুক্তরাষ্ট্র ২০২৬ সাল থেকে ইউরোপের মাটিতে অস্থায়ীভাবে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। আগামী সোমবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে এক বৈঠকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস স্পষ্ট করার চেষ্টা করবেন, এই ধরনের স্থাপনা কার্যকর হবে কিনা।

বাইডেন প্রশাসনের সময় ইউরোপে, বিশেষ করে জার্মানিতে ১৮০০ কিলোমিটার পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৩০০০ কিলোমিটার পাল্লার হাইপারসনিক অস্ত্র ডার্ক ঈগলসহ নানা সিস্টেম মোতায়েনের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

রাশিয়া জার্মানিতে দীর্ঘপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পিত সমালোচনা করেছে। এটি তারা জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি মনে করে।

ইত্তেফাক/এসকে