গ্রেপ্তারকৃতদের তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করবে বাংলাদেশ

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৪:৫৯

মালয়েশিয়ায় জঙ্গিবাদের অভিযোগে গ্রেপ্তার ৩৫ বাংলাদেশির বিষয়ে তদন্তে দেশটির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে এক বৈঠকে এই বার্তা দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শুক্রবার (১১ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতি রয়েছে। তিনি মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের বিষয়ে তথ্য ও তদন্ত প্রতিবেদন আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এর আগে ব্রিটিশ পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামি, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এবং দক্ষিণ কোরিয়ার উপমন্ত্রী পার্ক ইউনজুর সঙ্গে পৃথক বৈঠক করেন তৌহিদ হোসেন। এসব বৈঠকে রোহিঙ্গা সংকট, এলডিসি পরবর্তী সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও চলমান রাজনৈতিক সংস্কারসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ২০০৬ সাল থেকে আসিয়ান আঞ্চলিক ফোরামের সদস্য। নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত এই ফোরামে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক আলোচনার জন্য ২৭টি দেশ অংশ নেয়।

ইত্তেফাক/এএম