বয়স ১৭ পেরোনোর আগেই নামের পাশে লেখা হয়েছে অনেক কীর্তিগাথা। সেই লামিনে ইয়ামাল এবার পা দিচ্ছেন ১৮ বছরে। রোববার (১৩ জুলাই) ১৮তম জন্মদিন পালন করবেন এই বার্সা তারকা। এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে জাঁকজমক আয়োজনের প্রস্তুতি নিয়েছেন তিনি।
ইয়ামালের জন্মদিনের পার্টি বড়সড় হওয়ার কথা জানা গেলেও বিস্তারিত আয়োজন কেমন হবে, তা গোপন রাখার চেষ্টা করা হচ্ছে। নিজের জন্মদিন আয়োজনের খবর সামনে আসুক তা চান না ইয়ামাল।
এমনকি পুরো আয়োজন গোপন রাখার স্বার্থে জন্মদিনের অনুষ্ঠানস্থলে কোনো ধরনের ছবি তোলার অনুমতি না দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলে মুঠোফোন নিয়ে প্রবেশও নিষিদ্ধ করা হতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, শুরুতে ইয়ামালের জন্মদিন আয়োজনের স্থান হিসেবে ইবিজার কথা শোনা যাচ্ছিল। কিন্তু এখন সেটি বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি বার্সেলোনায় বা সমুদ্রের কোথাও অনুষ্ঠিত হবে।
ইয়ামালের জন্মদিন আয়োজনের খবর সামনে আসার পর থেকে সম্ভাব্য অতিথি কারা হবেন, তা নিয়েও শুরু হয়ে গেছে জল্পনাকল্পনা। উল্লেখযোগ্য তারকাদের মধ্যে বিজার্যাপ, ডুকি, ওজুনা এবং ব্যাড জ্যাল উপস্থিত থাকতে পারে বলে জানা গেছে। পার্টি নিয়ে বিশদ কিছু জানা না গেলেও এরই মধ্যে এই আয়োজন বেশ কৌতূহলের জন্ম দিয়েছেন। তবে মার্কা জানিয়েছে, এভাবে জন্মদিন উদযাপন নিয়ে খুশি নন ইয়ামালের মা।

