চাঁদপুর শহরের একটি লেক থেকে আল-আমিন (১৭) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল-আমিন সদ্য এসএসসি পাস করেছেন। তিনি চাঁদপুর গনি স্কুলের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজরাজেশ্বর ইউনিয়নে। বাবা রমজান আলী প্রধানিয়া স্থানীয় যুবদলের সাধারণ সম্পাদক। বর্তমানে পরিবারটি শহরের মমিনপাড়া এলাকায় বসবাস করছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাসা থেকে বেরিয়ে শহরের অঙ্গীকার এলাকার লেকপাড়ে কয়েকজন সহপাঠীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন আল-আমিন। সন্ধ্যার পর তাকে লেকের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, তার চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পরপরই পুলিশ আল-আমিনের সঙ্গে থাকা সহপাঠী মামুন, দিদার গাজী, জাহেদ, দিদার ইসলাম, মঈন ইসলাম ও শামীমসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
মরদেহ উদ্ধারের খবরে হাসপাতালে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকা। নিহতের পরিবারের অভিযোগ, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং কিশোর গ্যাংয়ের সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে লাশ লেকে ফেলে দিয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘রাতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে সাতজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’
